সীতাকুণ্ডে পুলিশের পা ভেঙে দিয়েছে মাদকসেবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশের একজন কর্মকর্তার বাঁ পা ভেঙে দিয়েছে মাদকসেবীরা। এ ঘটনায় আরও দুজন আহত হন। পুলিশের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগের সদস্য।
পুলিশের আহত সদস্যরা হলেন সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান (৩৫) ও মঈন উদ্দিন (২৯)। এ ছাড়া হামলায় আনসার সদস্য আবদুর রহমান (৩৫) আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় মিজানুরের নেতৃত্বে মাদকসেবীদের ধরতে চৌধুরীপাড়ায় যায় পুলিশ। এ সময় মাদকসেবীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে ওই তিনজন আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
পুলিশ জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হামলায় মিজানুরের বাঁ পা ভেঙে যায়। তাঁর মাথায়ও জখম হয়েছে। মিজানুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর মঈন উদ্দিন ও আবদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, পুলিশের আহত সদস্যরা বলেছেন, ১০-১৫ জন মাদকসেবী পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলাকারীরা ছাত্রলীগের সদস্য। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
চৌধুরীপাড়া ওয়ার্ডের কাউন্সিলর শফিউল আলম মুরাদ বলেন, মাদকসেবীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে তিনি শুনেছেন।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না।