সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্ক এলাকায় পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন।
গ্রেপ্তার গুলিবিদ্ধ ডাকাত কামাল শেখ (৫০) ও মো. হোসেনকে (২৭) প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম নুর উদ্দিন প্রথম আলোকে বলেন, কামাল শেখ ও মো. হোসেনের ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লেগেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর ইকোপার্ক এলাকার একটি বাড়িতে আট-দশজন ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ধাক্কা দিতে থাকলে বাড়ির লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধরার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে তিনটি গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে কামাল শেখ ও মো. হোসেন বাড়ির ছাদ থেকে লাফ দেন। তাঁদের ধরতে কনস্টেবল মমিনুল হক ও মেহেদী হাসান ছাদ থেকে লাফ দেন। এতে তাঁরা দুজন আহত হন। এ ছাড়া ঘটনার সময় সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক, উপপরিদর্শক (এসআই) সুজয় কুমার মজুমদার ও মাহফুজুর রহমান সামান্য আহত হন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাড়ির বাসিন্দা মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, ডাকাতেরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করলে তাঁরা মুঠোফোনে থানায় যোগাযোগ করেন। পুলিশ আসার আগে ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। পরে পুলিশ এসে ডাকাতদের ধাওয়া করে। তিনি বলেন, ধাওয়ার মুখে পালিয়ে যাওয়ার সময় ডাকাতেরা দুটি কানের দুল ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
এসআই সুজয় কুমার মজুমদার বলেন, গ্রেপ্তার দুই ডাকাতের কাছ থেকে একটি এলজি, পাঁচটি কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।