সীতাকুণ্ডে পুলিশের 'গুলিতে' জামায়াত নেতা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন জামায়াতের এক নেতা পুলিশের ‘গুলিতে’ নিহত হয়েছেন। তিনি হলেন সমাজকল্যাণ সম্পাদক মো. ওসমান গণি (৩০)। পুলিশ বলেছে, আটকের পর গণি পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গে পুলিশ সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন।
নিহত ব্যক্তির পরিবার জানায়, গতকাল দুপুরে ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামে নিজ ঘরে দুপুরের খাবার খেতে বসেছিলেন ওসমান গণি। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে সাদাপোশাকে পাঁচজন পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে আসলে তিনি পালানোর চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, ওসমান গণি তাঁর ঘরের পেছন দিয়ে পালিয়ে রফিক সর্দারের বাড়িতে পৌঁছালে পেছন থেকে পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান তিনি।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ওসমান গণির বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে যায়। তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে ধরে ফেলে পুলিশ। এ সময় তিনি পুলিশের একটি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার সিদ্দিক চৌধুরী ঘটনাটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে প্রথম আলোকে বলেন, আট মাস জেলহাজতে থাকার পর সব মামলা থেকে জামিন নিয়ে বের হয়ে এসেছিলেন ওসমান গণি। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হত্যা করেছে।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা ইসলাম প্রথম আলোকে বলেন, ওসমান গণিকে বেলা আড়াইটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।