সীতাকুণ্ডে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত মঙ্গলবার রাতে উপজেলার ছোট কুমিরা নুরিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মো. হারেছ ইসলাম (২৬)। তাঁর কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয়টি গুলি পাওয়া গেছে। হারেছের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের দেলীপাড়ায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, ছোট কুমিরা বাজার এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে ছদ্মবেশে ঘটনাস্থলে অবস্থান নেন র‍্যাবের সদস্যরা। নুরিয়া মাদ্রাসা রোড এলাকায় একটি গুদামের সামনে অস্ত্র নিয়ে আসার পর হারেছকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, আদালতের মাধ্যমে গতকাল বুধবার দুপুরে হারেছকে জেলহাজতে পাঠানো হয়েছে।