সীতাকুণ্ডে বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের ভেতর ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করে।
বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের দেয়ালের বাইরে থেকে চারটি ককটেল ছুড়ে মারে। দুটি ককটেল নির্মাণাধীন ভবনের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। বাকি দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় বিদ্যুৎ কার্যালয়ের ভেতর থেকে পুলিশ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, দুর্বৃত্তরা বিদ্যুৎ কার্যালয়ের বাইরে থেকে ককটেল ছুড়ে মারে। তবে কোনো ক্ষতি হয়নি।