সীতাকুণ্ডে ভারতীয় শাড়িসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট-বন্দর বাইপাসের গোলচক্কর এলাকা থেকে গতকাল শুক্রবার ২১৫টি ভারতীয় শাড়িসহ তিন ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন কামরুল হোসেন (৩৫), টুলু দত্ত (৩৫) ও মো. রাসেল(২৫)। গতকাল বিকেলে তাঁদের সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির সীতাকুণ্ডের অস্থায়ী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুর রশিদ জানান, আটক শাড়ি শনিবার (আজ) চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তিনি প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের তাঁদের ব্যবহৃত গাড়িসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সীতাকুণ্ডে বিজিবির অস্থায়ী ক্যাম্প এলাকায় একটি গাড়িকে থামার সংকেত দেন বিজিবির সদস্যরা। কিন্তু গাড়িটি না থেমে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা সেটিকে ধাওয়া করেন। পরে বিজিবির সদস্যরা গাড়িসহ তিন ব্যক্তিকে আটক এবং ২১৫টি শাড়ি উদ্ধার করেন।