সীতাকুণ্ডে মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত আবু জাফরকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে গতকাল বুধবার বেলা দুইটার দিকে পৌর সদর বাজারে এ ঘটনা ঘটে। আবু জাফর তখন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন। তিনি ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সিরাজি বলেন, আবু জাফরকে ২০১১ সালে দল থেকে বহিষ্কার করা হয়।
আবু জাফরের অভিযোগ, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার সময় বেলা দুইটার দিকে সীতাকুণ্ড বাজারে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রায়হান উদ্দিনের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর স্ত্রী ইয়াছমিন আক্তারের হাত থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে রায়হান উদ্দীন প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতেই এ অভিযোগ তোলা হয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সেতু ভূষণ দাশ বলেন, বিষয়টি তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। তিনি প্রার্থীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।