সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোহাম্মদ মাশরাফি নামের এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ভোরে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন হোসেন আলী ও তাঁর ছেলে শান্ত। তাঁদের বাড়ি মুন্সিগঞ্জে। নিহত মাশরাফির (২৫) বাড়ি ভোলার লালমোহন থানার চর লক্ষ্মী গ্রামে। তিনি সীতাকুণ্ডে একটি ইস্পাত কারখানায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, জিপিএইচ ইস্পাত কারখানার লজিস্টিক সুপারভাইজার হোসেন আলীর মেয়ের সঙ্গে মাশরাফির প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি হোসেন আলী জানতেন। গতকাল ভোরে সুলতানা মন্দির এলাকায় হোসেনের ভাড়া বাড়িতে ওই মেয়ের সঙ্গে দেখা করতে গেলে মাশরাফিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হোসেন ও শান্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশরাফিকে মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বলেন, তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। মাশরাফির নাকে, মুখ ও কানে আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে তাঁকে চোর আখ্যা দেওয়া হয়। এ ছাড়া গণপিটুনিতে মাশরাফি মারা যান বলে প্রচার চালানো হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।