সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ রুবেল (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার পুলিশ জানায়, নিহত রুবেলের গ্রামের বাড়ি সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা ছড়ারকুল এলাকায়। আজ বিকেলে রুবেলসহ পাঁচজন এলাকায় চার যুবককে মাদক নিতে দেখেন। ওই যুবকদের চলে যেতে বলেন তাঁরা। এতে ওই যুবকদের সঙ্গে রুবেলদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর চড়াও হন। এলোপাতাড়ি লাঠির আঘাত রুবেল ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা চারজন আহত হন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।