সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় খাবার পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে গতকাল বুধবার এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের স্বজনদের অভিযোগ, মুঠোফোন চুরির সন্দেহে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আবদুল মালেকের (২৬) বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার করদিশিতলা গ্রামে। পেশায় কাঠমিস্ত্রি মালেক পরিবারের সদস্যদের নিয়ে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক খায়ের আহম্মদসহ পাঁচ কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মো. জামাল হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল আলম ও কামরুল হোসেন।
সরেজমিনে দেখা যায়, পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরীর কক্ষের মেঝেতে মালেকের লাশ পড়ে আছে। তাঁর দুই হাত পিছমোড়া করে শেকল দিয়ে বাঁধা। মাথার পেছনে আঘাতের চিহ্ন। আর শরীরের বিভিন্ন জায়গায় ফোলা।
মালেকের ভাই মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত ১২টার দিকে মুঠোফোন চুরির অভিযোগ তুলে বগুলাবাজার এলাকার মো. আযমের নেতৃত্বে ২০-২৫ জন লোক তাঁর ভাইকে ধরে নিয়ে যান। রাতে বেদম মারধরের পর ভোররাতে তিনি মারা যান। আটক জামাল হোসেন বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। আযমসহ যাঁরা পিটিয়েছেন, তাঁরা রাতেই পালিয়ে গেছেন।
মো. আযম ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটির মালিক রিফাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।