সীতাকুণ্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।

নিহত যুবকের নাম আবদুল মালেক (২৬)। তাঁর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। বাবার নাম ছিদ্দিকুর রহমান।

মালেক তাঁর পরিবার নিয়ে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলা বাজার এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের তথ্যমতে, আজ সকাল সাড়ে নয়টার দিকে ‘আযবাহ ড্রিংকিং ওয়াটার’ নামের পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীর কক্ষ থেকে মালেকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক খায়ের আহম্মদ ও চার কর্মচারীকে আটক করা হয়েছে। অন্যরা হলেন জামাল হোসেন, ফোরকান উদ্দীন, নুরুল আলম ও কামরুল হোসেন।

নিহত ব্যক্তির ভাই মোহাম্মদ আবদুল্লাহর অভিযোগ, বগুলা বাজার এলাকার নুরুল আলমের ছেলে মো. আযম দীর্ঘদিন ধরে মালেককে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটি থেকে মোবাইল চুরির অভিযোগ তুলে গতকাল রাতে আযমের নেতৃত্বে ২০-২৫ জন লোক মালেককে ধরে নিয়ে যান। তাঁরা তাঁকে রাতে বেদম মারপিট করেন। ভোররাতে মালেক মারা যান।

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির নিরাপত্তারক্ষীর কক্ষের মেঝেয় মালেকের লাশ পড়ে আছে। তাঁর দুই হাত পেছনের দিকে শিকল দিয়ে বাঁধা। তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন। পুরো শরীর ফোলা।

পুলিশ জানায়, মোবাইল ফোন চুরির অভিযোগে স্থানীয় কয়েকজনের মারপিটে এক যুবক মারা গেছেন বলে খবর পায় পুলিশ। সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

আটক জামাল হোসেনের ভাষ্য, তিনি মালেককে মারধর করেননি। আযমসহ যাঁরা তাঁকে পিটিয়েছেন, তাঁরা রাতেই পালিয়েছেন।

অভিযোগ ওঠা মো. আযমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় মালেকের ভাই মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের ধরার চেষ্টা চলছে।