সীতাকুণ্ডে যুবদল নেতা সহযোগীসহ গ্রেপ্তার অস্ত্র উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদককে তাঁর এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, যুবদল নেতা মো. ইসমাইল হোসেন ও তাঁর সহযোগী মো. শামসুরের কাছ থেকে একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ইসমাইলের বিরুদ্ধে মিরসরাই ও সীতাকুণ্ড থানায় ২১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পশ্চিম লালানগর গ্রামের যে বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে তা যুবদলের নিহত নেতা মো. আরিফ হোসেনের। সম্প্রতি পুলিশের গুলিতে নিহত হন আরিফ।
নিহত আরিফের বাবা জয়নাল আবেদিন প্রথম আলোকে জানান, কখন এবং কীভাবে তাঁদের ঘরে ইসমাইল ও শামসু ঢুকেছেন তা তিনি জানেন না। জয়নাল আবেদিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
সহযোগীসহ ইসমাইলকে অস্ত্র ও গুলি নিয়ে গ্রেপ্তারের বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জু দাবি করেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ তাঁদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে সাজানো নাটক করছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, যুবদল নেতাসহ ওই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।