সীতাকুণ্ডে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ওরফে রুবেলকে (২২) গতকাল শুক্রবার পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
ইমাম হোসেনের বাড়ি ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামে।
বিএনপির অভিযোগ, সরকারদলীয় সন্ত্রাসীরা ইমামকে পিটিয়ে হত্যা করেছে। তবে পুলিশের দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রুবেলের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে সৈয়দপুর ইউনিয়নের আয়ুব আলী মার্কেটে চুল কাটার দোকানে যান ইমাম হোসেন। কয়েকজন দুর্বৃত্ত তাঁকে দোকান থেকে বের করে পেটাতে থাকে। পরে দুর্বৃত্তরা তাঁকে বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে ইমামকে বেদম মারধর করে মুমূর্ষু অবস্থায় সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি পাঠিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ইমামকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইমামের বাবা আবুল হাসেম বলেন, ইমাম উপজেলার মাদামবিবিরহাট এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় চাকরি করতেন। বৃহস্পতিবার তিনি ছুটিতে বাড়ি আসেন। গতকাল দুর্বৃত্তরা তাঁর ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে মুঠোফোনে ৫০ হাজার টাকা দাবি করে।
দুর্বৃত্তদের পরিচয় জানাতে পারেননি আবুল হাসেম।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি কাজী সালাউদ্দীনের দাবি, সরকারদলীয় সন্ত্রাসীরা ইমামকে পিটিয়ে হত্যা করেছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ইমামের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। কিন্তু হত্যাকাণ্ডটি ঘটেছে জায়গাজমি নিয়ে বিরোধের জেরে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলার প্রস্তুতি চলছে।