সীতাকুণ্ডে যুবদলের নেতাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর যুবদলের নেতা মামুন রেজা ওরফে বুলেট ও বিএনপি কর্মী মো. আলীকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ পুলিশের।
মামুন সীতাকুণ্ড পৌর সদরের সোবহানবাগ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ও একই এলাকার রবিউল হোসেনের ছেলে। মো. আলী পৌর এলাকার দক্ষিণ মহাদেবপুর এলাকার আবদুল আজিজের ছেলে।
পুলিশের দাবি, মঙ্গলবার ভোরে মামুন ও মো. আলীকে সীতাকুণ্ডের ছলিমপুর সিডিএ এলাকায় পাহাড়ের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে পরিবারের দাবি, তাঁদের চট্টগ্রাম নগরের প্রবর্ত্তক মোড় এলাকার কল্লোল মার্কেট থেকে গত সোমবার বেলা তিনটার দিকে গ্রেপ্তার করা হয়। এদিকে তাঁদের দুজনের আটক হওয়ার খবরে পরিবারের লোকজন সীতাকুণ্ড থানায় যোগাযোগ করে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে জানান, মামুনের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৫টি ও মো. আলীর বিরুদ্ধে দুটি হত্যাসহ নানা অভিযোগে ২৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দুটি আগ্নেয়াত্র, ছয়টি গুলি ও পাঁচটি ককটেল পাওয়া গেছে।
এদিকে মামুনের বোন শাম্মী আক্তারের দাবি, সোমবার বেলা তিনটার দিকে কল্লোল মার্কেটের মালিক দিদারুল কবিরের কাছে ব্যক্তিগত প্রয়োজনে যান মামুন। সেখান থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান তাঁকে আটক করেন। তিনি দাবি করেন, নুরুজ্জামান তাঁকে বলেছিলেন মামুন থেকে কোনো অস্ত্র পাননি। সীতাকুণ্ড থানার পুলিশের নির্দেশে তাঁকে (মামুন) গ্রেপ্তার করা হয়েছে। প্রায় একই রকম দাবি করেছেন মো. আলীর মা কুলছুমা বেগমও।
এ ব্যাপারে নুরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছু বলতে রাজি হননি।
অস্ত্র না থাকার বিষয়ে ওসি ইফতেখার হাসান বলেন, ‘ওঁরা (মামুনের বোন) সাংবাদিকদের কী বলছেন তা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়।’ এ ছাড়া তিনি আর কিছু মন্তব্য করতে রাজি হননি।