সীতাকুণ্ডে র্যাবের পৃথক অভিযান, আফিম ও হেরোইনসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে আফিম, হেরোইনসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এবং গতকাল রোববার বিকেলে অভিযান দুটি চালায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা মো. নুরুল আমিন (৫৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মো. শরীফ (২০) ও খুলনা জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম ওরফে লাভলু (৪৫)।
র্যাব-৭ চট্টগ্রামের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, শনিবার রাত ১২টার দিকে তাঁর নেতৃত্বে র্যাব সদস্যরা উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বিস্কুট ফ্যাক্টরি সড়ক এলাকায় অভিযানে যান। এ সময় ৫০০ গ্রাম আফিমসহ নুরুল আমিনকে গ্রেপ্তার করেন তাঁরা। উদ্ধার করা আফিমের দাম প্রায় ২৫ লাখ টাকা।
মিমতানুর রহমান বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এক্সেললোড কন্ট্রোল স্টেশন এলাকায় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যাবের আরেকটি দল অভিযান চালায়। এ সময় ৩০০ গ্রাম হেরোইন ও ৭৬ হাজার টাকাসহ শরীফ ও শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। হেরোইনের দাম প্রায় ৩০ লাখ টাকা।
নুরুল আমিনকে র্যাব থানায় হস্তান্তর করেছে বলে জানান সীতাকুণ্ড থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব মিলকী। গতকাল রাতে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আফিম উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করেনি র্যাব।