সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' নিহত ১
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কালু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত কালু ডাকাত ছিলেন।
গতকাল রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১০টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও রকেট ফ্লেয়ার উদ্ধারেরও দাবি করেছে র্যাব।
নিহত কালুর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় দুটি খুনের মামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে তাঁরা খবর পান, বিপুল পরিমাণ জাল টাকার নোট, অস্ত্রসহ একটি চক্র জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে টহল দল ঘটনাস্থলে যায়। তারা চক্রটির সদস্যদের ধরার চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরে ডাকাতেরা পালিয়ে গেলে সেখানে একটি লাশ পড়ে থাকতে দেখেন।
র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় তাঁদের একজন সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম ছুরিকাহত হন। তাঁর ডান হাতে ছুরিকাঘাত করে সন্ত্রাসীদের একজন পালিয়ে গেছে।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করার প্রস্তুতিও চলছে বলে র্যাব সূত্র জানায়।