সীতাকুণ্ডে লোহার দুটি ডিপো দখলকে কেন্দ্র করে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি লোহার ডিপো দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে স্থানীয় স্ক্যাপ লোহার ব্যবসায়ী গিয়াস উদ্দিনের পক্ষের লোকজন তুলাতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একই সীমানার ভেতরে অবস্থিত মেরিন সেফটি ও এফ এম এন্টারপ্রাইজ নামের দুটি ডিপো দখল করতে যান। এ সময় অপর ব্যবসায়ী মোহাম্মদ মহসিনের পক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ফৌজদারহাট ফাঁড়ি ও সীতাকুণ্ড থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট রফিক আহম্মদ মজুমদার প্রথম আলোকে বলেন, সংঘর্ষের কারণে মহাসড়কে আধা ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল।
ব্যবসায়ী মহসিন প্রথম আলোর কাছে দাবি করেন, গত বছরের ২ এপ্রিল জাহাজ ভাঙা কারখানার মালিক গিয়াস উদ্দিনের (কুসুম) কাছ থেকে ওই দুটি লোহার ডিপো তাঁর ভাই কিনেছেন। কয়েক দিন ধরে ব্যবসায়ী গিয়াস উদ্দিনসহ কয়েকজন ডিপোটি দখলের চেষ্টা করছেন। গতকাল গিয়াস উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডিপো দুটি দখল করতে আসেন।
অভিযোগের বিষয়ে ব্যবসায়ী গিয়াস উদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, গিয়াস উদ্দিনের (কুসুম) কাছে স্থানীয় অনেক ব্যবসায়ী টাকা পাবেন। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে পাওনাদারেরা মিলে একটি কমিটি করেন। কমিটির সিদ্ধান্ত অনুসারে তাঁর সম্পত্তি থেকে আয় কমিটিকে জমা দেওয়া হবে। কিন্তু ১৪ মাস ধরে মহসিন ডিপোর কোনো ভাড়া দিচ্ছেন না। গতকাল তাঁর কাছে ভাড়া চাইতে গেলে সংঘর্ষ বেধে যায়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ডিপোর দখলকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও মহসিনের পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষকে বলা হয়েছে ডিপো যাঁর দখলে রয়েছে তাঁর কাছে থাকবে। কিছু বলার থাকলে দুই পক্ষ থানায় গিয়ে বলবে। মহাসড়কে কোনো পক্ষকে বিশৃঙ্খল করতে দেওয়া হবে না। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।