সীতাকুণ্ডে শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর সিডিএ আবাসিক এলাকায় তানিজনা ওরফে সালমা ওরফে লিজা (৭) নামের এক শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন ও আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, গৃহকর্মী তানজিনা তাদের জানিয়েছে, গৃহকর্তা নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী তারিন তাকে প্রায়ই নির্যাতন করতেন। তাঁরা তার দুই হাতে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছেন। তার মাথার চুল ছোপ ছোপ করে কেটে দেন। গতকাল শিশুটি বাসা থেকে বের হলে বিষয়টি জানাজানি হয়। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

শিশু তানজিনা মুঠোফোনে প্রথম আলোকে বলল, কাজ না পারলে প্রতিদিন তাকে মারধর করতেন গৃহকর্তা ও তাঁর স্ত্রী। গতকাল তাকে মুরগি কাটতে বলেছিলেন। সে পারবে না বলায়, দায়ের হাতল দিয়ে তার পিঠে আঘাত করা হয়। এ ছাড়া তার গলা চেপে দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, নুর মোহাম্মদ একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। গত আগস্ট থেকে তানজিনা তাঁর বাসায় কাজ করে। তানজিনার বাড়ি রাঙামাটির রিজার্ভবাজার এলাকায়।

নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, দুই দিন আগে চুরি করে তরকারি খেয়ে ফেলায় তাঁর স্ত্রী তানজিনাকে চড়-থাপ্পড় দিয়েছিলেন। তিনি চুল কেটে দেওয়ার বিষয়টিও স্বীকার করেন। তবে হাতের ঘা বিষয়ে জানতে চাইলে নুর মোহাম্মদ বলেন, পানিতে কাজ করতে করতে মেয়েটির হাতে এ রকম ঘা হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিএসআই নজরুল ইসলাম বলেন, মেয়েটির হাতে ঘা ও মাথায় চুল কাটা দেখতে পেয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁড়িতে আনা হয়েছে।