সীতাকুণ্ডে সংঘর্ষে আহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকায় দুই শতক জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, মাহমুদাবাদ এলাকার আবু বলির বাড়ির দুই বাসিন্দা জাহাঙ্গীর আলম ও সাহাবউদ্দীনের মধ্যে দুই শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। গতকাল ভোরে সাহাবউদ্দীন লোকজন নিয়ে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলার চেষ্টা করলে জাহাঙ্গীর আলমের পরিবার এতে বাধা দেয়। এ সময় সাহাব উদ্দীনের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে রুমা, সুমি, শাকিল, ফখরুল ইসলাম ও হারুন আহত হন। এ সময় হামলাকারীরা চারটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও রান্নাঘরে আগুন দেয়।
সীতাকুণ্ড থানার এসআই জয়নাল আবেদিন জানান, এ ঘটনায় জাহাঙ্গীর ৫০ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্যরা অজ্ঞাতনামা আসামি।