সীতাকুণ্ডে সন্ত্রাসীদের হামলায় আহত ৯
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীদের হামলায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কর্মকর্তারা বলেন, চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মী মো. কামাল উদ্দিন ও মো. রনি। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. শরীফ, মো. মজিবর, মো. আমির হোসেন ও মো. কবির। তাঁরা সবাই ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মী ও শ্রমিক। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে চট্টগ্রাম নগরের বায়েজিদ পর্যন্ত সড়ক নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড পাহাড় কেটে লুব রোড নামের ওই সড়কের নির্মাণকাজ করছিল। এ ঠিকাদারি প্রতিষ্ঠানটির স্থানীয় সমন্বয়ক নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে একদল সন্ত্রাসী গভীর পাহাড় থেকে গুলি ছুড়তে ছুড়তে তাঁদের দিকে এগোতে থাকে। এ সময় ৭০ থেকে ৮০ জন লোক সেখানে কাজ করছিলেন। গুলির শব্দ শুনে সবাই ভীত হয়ে পড়েন। সন্ত্রাসীদের গুলিতে কামাল উদ্দিন নামের এক নিরাপত্তাকর্মীসহ দুজন গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের কিরিচ, রডের আঘাতে আরও সাতজন আহত হন। পরে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হবে।
চাঁদা না দেওয়ায় নাছির নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হামলা হয় বলে দাবি করেন নাসির উদ্দিন।
সিডিএর প্রকল্প পরিচালক রাজিব দাশ প্রথম আলোকে বলেন, ঘটনাটি শুনেছেন তিনি। বেশ কয়েকজন আহত হয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয় ভাঙচুর হয়েছে।
পুলিশ জানিয়েছে, রাত নয়টার দিকে সন্ত্রাসীরা পাহাড়ের বিভিন্ন স্থান থেকে থেমে থেমে গুলি ছুড়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীরা ঠিকাদারি প্রতিষ্ঠানের চারটি স্কেভেটর ভাঙচুর করে ব্যাটারি খুলে নিয়েছে। প্রতিষ্ঠানটির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের পর লুটপাট চালায় তারা।