সীতাকুণ্ডে ৪ লাখ চিংড়ির পোনা জব্দ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড়দারোগাহাট এলাকা থেকে চার লাখ চিংড়ির পোনা আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। গত মঙ্গলবার রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে পোনাগুলো আটক করা হয়। পরে পোনাগুলো সন্দ্বীপ চ্যানেলে অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি খুলনা যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাঁরা বড়দারোগাহাট এলাকায় অবস্থান নেন। রাত পৌনে আটটার দিকে বাসটি বড়দারোগাহাট পৌঁছালে তল্লাশি চালিয়ে চিংড়ির পোনার ২৭টি পাতিল উদ্ধার করা হয়। সেখানে চার লাখ চিংড়ির পোনা ছিল। তিনি বলেন, পোনাগুলো কক্সবাজার ও সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের কালুশাহ মাজার এলাকা থেকে বাসটিতে তোলা হয়েছিল।
এ বিষয়ে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বাসের চালক, সহকারী ও দুই সুপারভাইজারকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা চিংড়ির পোনা কুমিরা ফেরিঘাট এলাকায় অবমুক্ত করা হয়।