সীতাকুণ্ডে ৫ লাখ চিংড়ি পোনা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাঁচ লাখ চিংড়ি পোনা আটক করেছে মৎস্য বিভাগ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাইওয়ে পুলিশের সহায়তায় উপজেলার ছলিমপুর ইউনিয়ন থেকে পোনাগুলো জব্দ করা হয়। পরে কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট এলাকায় সাগরে পোনাগুলো অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে চিংড়ির পোনা পাচার হচ্ছে, এমন খবরে কালুশাহ মাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩২টি বড় আকৃতির পাতিলে করে চিংড়ির পোনাগুলো খুলনাগামী একটি বাসের ছাদে তোলা হচ্ছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে পোনা পাচারকারীরা পালিয়ে যায়। তিনি জানান, উদ্ধার করা পাঁচ লাখ চিংড়ির পোনার দাম অন্তত সাত লাখ টাকা।

সেলিম রেজা বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রাকৃতিক উৎস থেকে চিংড়ি পোনা ধরা অপরাধ।