সীতাকুণ্ডে 'সন্দেহবশত' দুই পুলিশসহ আটক ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে পুলিশের দুই সদস্যসহ চারজনকে ‘সন্দেহবশত’ সাত লাখ টাকাসহ আটক করেছে পুলিশ।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটকের বিষয়টি নিশ্চিত করলেও সীতাকুণ্ড এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি অস্বীকার করেছেন।
আটক ব্যক্তিরা হলেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার উদ্দিন ও কনস্টেবল (থানার ক্যাশিয়ার হিসেবে পরিচিত) বেলাল উদ্দিন এবং চকরিয়া উপজেলার বাসিন্দা ওসমান ওরফে দাদা ওসমান ও তাঁর সহযোগী কামাল উদ্দিন।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সন্দেহবশত ওই চারজনকে আটক করা হয়। তাঁদের কাছে অবৈধ কিছু পাওয়া যায়নি। তাঁদের কাছে পাওয়া টাকাগুলোও তাঁদের ব্যক্তিগত। পরে তাঁদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজারের পুলিশ তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ওই চার ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করলেও তিনি বিস্তারিত জানাতে রাজি হননি। থানার ওসির কাছ থেকে বিস্তারিত জানার পরামর্শ দেন তিনি।
কিন্তু ওসি ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড থানার পুলিশ এ ধরনের কোনো তল্লাশি চালায়নি। তাই কোনো পুলিশ সদস্যকে আটকের প্রশ্নই ওঠে না। চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধরও বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সূত্র জানায়, ইয়াবা পাচার হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ ফৌজদারহাটে তল্লাশি চৌকি বসায়। রাত দুইটার দিকে সেখানে একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই গাড়িতে ছিলেন আকতার উদ্দিন, বেলাল উদ্দিন, ওসমান ও কামাল উদ্দিন। চালকের আসনে ছিলেন গাড়ির মালিক আইয়ুব আলী। পুলিশ গাড়ি থামানোর সংকেত দিলে আইয়ুব আলী গাড়ি রেখে পালিয়ে যান। পরে সাত লাখ টাকাসহ চারজনকে আটক করে পুলিশ। টাকাগুলো ছিল কনস্টেবল বেলালের কাছে। এরপর গাড়িটি ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে রেখে আটক ব্যক্তিদের সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়।