ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকালই ছাত্রদের ছাত্রাবাস ছেড়ে যেতে বলা হয়েছে। ছাত্রীদের আজ মঙ্গলবারের মধ্যে ছাত্রীনিবাস ছাড়তে বলা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, অপেক্ষমাণ তালিকা থেকে ছাত্রভর্তি, ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নিয়ে ইয়াছিন আরাফাতের নেতৃত্বাধীন ছাত্রলীগের এক পক্ষের সঙ্গে ছাত্র সংসদের সহসভাপতি সাব্বির আহমেদের নেতৃত্বাধীন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গতকাল বেলা সাড়ে ১১টা ও বিকেল সাড়ে তিনটার দিকে দুই পক্ষের মধ্যে ক্যাম্পাসে দুই দফা সংঘর্ষ হয়। দুটি ঘটনায় অন্তত ১২ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কবীর হোসেন নামের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, আহত ছাত্রদের মধ্যে কবীর হোসেনের মাথায় গুরুতর জখম হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আবদুল মোমন ও শিক্ষক রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। নতুন করে যাতে আর কোনো সহিংস ঘটনা না ঘটে, সে জন্য প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে আবার শ্রেণি কার্যক্রম চালু করা হবে।