সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে সংঘর্ষ
রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত সোমবার পৌরসভার ইবাদালী মিস্ত্রীপাড়ায় ওই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইবাদালী মিস্ত্রীপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব শেখ সোমবার সকালে তাঁর বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী ছাত্তার শেখ তাতে বাধা দেন। কিছুক্ষণ নির্মাণকাজ বন্ধ থাকলেও দুপুরের পর আবার শুরু করেন তিনি। বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা করে।
সংঘর্ষে হাবিব শেখ (৬৫), ডালিম (৪৫), ইছাক মণ্ডল (৫৫), হৃদয় (১৮), মাজেদা বেগম (৩৬), মামুন শেখ (২৫) ও ছাত্তার শেখ (৫০) আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে হাবিব শেখ ও হৃদয়কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে হাবিব শেখ ও ছাত্তার শেখের মধ্যে বিরোধ চলে আসছে।
গোয়ালন্দঘাট থানার ওসি এ কে এম নাসির উল্যাহ বলেন, ছাত্তার শেখকে পুলিশ আটক করে।