সীমানাপ্রাচীর নির্মাণের নামে গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় দাখিল মাদ্রাসার পাঁচটি কড়ইগাছ অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে। গত মঙ্গলবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় দাখিল মাদ্রাসার পাঁচটি কড়ইগাছ অবৈধভাবে কেটে ফেলা হচ্ছে। গত মঙ্গলবার বিকেলে তোলা ছবি l প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিনঝাড় দাখিল মাদ্রাসার পাঁচটি কড়ইগাছ কেটে ফেলা হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটি অবৈধভাবে গাছগুলো বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম গতকাল বুধবার বলেন, গাছ কাটার প্রয়োজন হলে আগে বন বিভাগে লিখিতভাবে জানাতে হবে। এরপর বন বিভাগের লোকজন সরেজমিনে গিয়ে গাছের দাম নির্ধারণ করবেন। তারপর নিলামের মাধ্যমে গাছ বিক্রি করতে পারবেন। বিনঝাড় মাদ্রাসার বিষয়ে বন বিভাগকে জানানো হয়নি। গাছগুলো অনিয়মতান্ত্রিকভাবে কাটা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ওই মাদ্রাসায় গিয়ে যায়, পাঁচটি কড়ইগাছের তিনটি কেটে ফেলা হয়েছে। দুটি গাছের ডালপালা কাটা হয়েছে। নওগাঁ জেলা সদরের কাঠ ব্যবসায়ী মামুন জানান, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোকছেদ আলীর ভাই আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তিনি পাঁচটি কড়ইগাছের দরদাম ঠিক করেছিলেন। গত রোববার তিনি আবু বক্করকে পাঁচটি গাছের মূল্য বাবদ ৬৫ হাজার টাকা পরিশোধ করেন। এতে মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট কেউ আপত্তি তোলেননি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদ্রাসার মাঠে ২৫ থেকে ৩০ বছর আগে কয়েকটি কড়ইগাছ লাগানো হয়েছিল। গাছগুলোর বাজারমূল্য দুই লক্ষাধিক টাকা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একজন শিক্ষক বলেন, গাছ বিক্রির ঘটনা তাঁরা আগে জানতেন না। সভাপতি মোকছেদ আলী বলেন, সীমানাপ্রাচীর না থাকায় মাদ্রাসার শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। তাই পরিচালনা কমিটির সভায় গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর বাবা গাছগুলো লাগিয়েছিলেন বলে তিনি দাবি করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘যদি বন বিভাগের আপত্তি না থাকে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়ে গাছ কাটতে পারে। আমি বিনঝাড় দাখিল মাদ্রাসার গাছ কাটার ঘটনাটি জানি না।’