সীমানাপ্রাচীর ভেঙে স্কুলের মাঠে দোকান নির্মাণ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের পাশে খেলার মাঠে দোকান নির্মাণ করা হচ্ছে। এ জন্য বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এক মাস ধরে ওই স্থাপনা নির্মাণ করছে।
এলাকাবাসী জানান, খেলার মাঠটি দখল করায় বাগমারা উচ্চবিদ্যালয়সহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে না। এ ছাড়া দোকান চালু হলে সেখানে বখাটেরা আড্ডা দেবে। এতে বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, তারা ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুমতি নিয়ে দোকান নির্মাণ করেছে। তবে পরিকল্পনামন্ত্রী অনুমতি দেওয়ার কথা স্বীকার করেননি।
তবে আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর থেকে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ‘আমার অনুমতি না নিয়ে ওই স্থাপনা নির্মিত হচ্ছিল। ইতিমধ্যে ওই কাজ বন্ধ করতে বলেছি। যাঁর নামে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে তাঁর টাকা ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে কোনো স্থাপনা থাকবে না।’
এলাকাবাসী গত সোমবার কুমিল্লার জেলা প্রশাসক ও গত মঙ্গলবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দোকান নির্মাণ বন্ধের দাবিতে আবেদন জানিয়েছেন। প্রশাসন গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করার জন্য কোনো উদ্যোগ নেয়নি।
শিক্ষার্থীরা জানান, ১৯২১ সালে বাগমারা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এক মাস আগে বিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে সীমানাপ্রাচীর ভাঙা হয়। এখন প্রাচীরের ভেতরে খেলার মাঠ নষ্ট করে সেখানে তিন কক্ষবিশিষ্ট দোকান নির্মাণ করা হচ্ছে। ওই স্থাপনা নির্মিত হওয়ায় বিদ্যালয়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে মাঠের আয়তনও ছোট হয়ে গেছে। ওই মাঠে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে। মাঠ লাগোয়া ওই প্রধান ফটক দিয়েই বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার কিন্ডারগার্টেন ও বাগমারা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। এ তিনটি প্রতিষ্ঠানে এক হাজার ৬০০ শিক্ষার্থী লেখাপড়া করে।
বিদ্যালয়-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সদর দক্ষিণ উপজেলার চেঙ্গাহাটা গ্রামের মো. ইমান হোসেনের কাছে সাড়ে ১২ লাখ টাকায় ওই দোকান বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া তিনি দোকানভাড়া বাবদ প্রতি মাসে তিন হাজার টাকা দেবেন। এ ব্যাপারে ইমান হোসেন বলেন, ‘সাড়ে ১২ লাখ টাকা অগ্রিম ও মাসে তিন হাজার টাকা দেওয়ার চুক্তিতে দোকান ভাড়া নিয়েছি।’
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, যেকোনো বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের স্থাপনা রক্ষণাবেক্ষণ, খেলার মাঠ ও অন্যান্য সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে খোদ বিদ্যালয় কর্তৃপক্ষই আইন লঙ্ঘন করে দোকান নির্মাণ করছে।
সরেজমিনে গত সোমবার দেখা গেছে, প্রধান ফটকের পাশে তিন কক্ষবিশিষ্ট দোকান নির্মাণকাজ পুরোদমে চলছে। এতে ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। পলেস্তারা (প্লাস্টার) ও টিনশেড দেওয়ার কাজ বাকি। সীমানাপ্রাচীরের ভেতরে খেলার মাঠের প্রায় পাঁচ ফুট জায়গা ও সীমানা প্রাচীরের বাইরে সড়কঘেঁষে ওই স্থাপনা হচ্ছে।
প্রধান শিক্ষক মো. কুদরত উল্লাহ বলেন, ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়ে ওই মার্কেট নির্মাণ করছে। এক মাস আগে ওই কাজ শুরু হয়। কবে ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে, তিনি তারিখ বলতে পারেননি।
ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আইয়ুব আলী বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে মাত্র তিন ফুট জায়গা নেওয়া হয়েছে। বাকি জায়গা সরকারি রাস্তার পাশের। বিদ্যালয়ের আয়ের জন্য ওই দোকান নির্মাণ করা হচ্ছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পরিকল্পনামন্ত্রী মহোদয়ের অনুমতি নিয়েই ওই স্থাপনা হচ্ছে।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।