সীমান্ত নদী থেকে নিখোঁজ বাংলাদেশির লাশ উদ্ধার
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতী থেকে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার টাউনশ্রীপুর জলকপাট (স্লুইসগেট) এলাকায় ইছামতী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আলী বাদশা (৪৫) দেবহাটার শিবনগর গ্রামের বাবর আলীর ছেলে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে পিটিয়ে নদীতে ফেলে দিয়েছিল।
স্থানীয় লোকজন বলেন, ইছামতী নদী পার হয়ে গত বৃহস্পতিবার রাতে আলী বাদশাসহ চার–পাঁচজন রাখাল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার টাকীতে যান গরু আনতে। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাঁদের ধাওয়া করে। অন্যরা ফিরে এলেও আলী ফিরতে পারেননি। ফিরে আসা এক রাখাল নাম না প্রকাশের শর্তে বলেন, বিএসএফ তাঁকে ধরে ফেলে।
আলীর খবর না পেয়ে তাঁর পরিবার ভারতের বিভিন্ন জায়গায় খোঁজ নেয়। গতকাল বিকেলে স্থানীয় লোকদের তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিজিবি ইছামতী নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে। লাশ অর্ধগলিত ছিল।
দেবহাটা থানার উপপরিদর্শক রেজা বলেন, গতকাল বিকেলে স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি ও ৩৪ ব্যাটালিয়ন বিজিবির টাউনশ্রীপুর ক্যাম্প কমান্ডার সুবেদার সাদেকের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।