সীমান্তে আবার বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাতক্ষীরা সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সীমান্তে আবারও গুলি চালাল বিএসএফ। গত বৃহস্পতিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে তাদের গুলিতে নিহত হয়েছেন আরেক বাংলাদেশি।
গত বুধবার দিবাগত রাতে সাতক্ষীরা সীমান্তে নিহত দুজনের লাশ গতকাল শুক্রবার ফেরত দিয়েছে ভারত।
হাতীবান্ধা সীমান্তে নিহত বাংলাদেশির নাম অমূল্য চন্দ্র বর্মণ। তিনি ওই উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গরু আনতে কয়েকজন বাংলাদেশি ভারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বড় মরিচাবাড়ীর ২১ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করেন। অমূল্য চন্দ্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, নিহত বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ হাতীবান্ধা থানার পুলিশের মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কর্নেল হায়াতী আরও বলেন, গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে মরিচাবাড়ী বিএসএফ ক্যাম্পের কাছে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফের কাছে বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানতে চাওয়া হবে।
সাতক্ষীরায় নিহত দুজনের লাশ দাফন: সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের নিত্যানন্দকাঠি এলাকায় বুধবার দিবাগত রাতে বিএসএফের গুলিতে নিহত হন সদর উপজেলার পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫) ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের আবদুল খালেক সরদার (৪০)। গতকাল বিকেল পাঁচটার দিকে তলুইগাছা সীমান্তের চারাবাড়ি নো ম্যান্স ল্যান্ড এলাকায় ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার পুলিশ তাঁদের লাশ সাতক্ষীরা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক বলেন, নিহত নজরুল ও খালেকের মরদেহ সাতক্ষীরায় আনার পর আইনি প্রক্রিয়া শেষে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে বারবার আশ্বাস দিলেও কোনো কাজ হচ্ছে না। প্রায় প্রতিটি ঘটনার পর বিএসএফ দুঃখ প্রকাশ করে বলে, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য তারা সতর্ক থাকবে। গত আগস্টে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের বার্ষিক সম্মেলনেও বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়েছিল। তখন ভারত জানায়, সীমান্তহত্যা শূন্যে নামিয়ে আনাই ভারতের লক্ষ্য। জওয়ানদের এ বিষয়ে কঠোর নির্দেশও দেওয়া হয়েছে।