সীমান্তে গরু ব্যবসায়ীর গলা কাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার সীমান্তে শহিদুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর গলা কাটা লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই ব্যবসায়ীকে হত্যা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, গরু ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে শহিদুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম কলমুডাঙ্গা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বুধবার রাতে তিনি এক দল ব্যবসায়ীর সঙ্গে ভারতে গরু আনতে যান। রাতে গরু নিয়ে ফেরার পথে ভারতের আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের তাড়া করেন। দলের সবাই পালিয়ে আসতে পারলেও শহিদুল আটকা পড়েন। ভোরে স্থানীয় লোকজন উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় শহিদুলের গলা কাটা লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলার এলাকা থেকে লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, শহিদুলের মা-বাবা থানায় এসেছিলেন। তাঁরা বলেছেন, শহিদুলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাঁদের ছেলেকে বিএসএফ হত্যা করছে।
বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান বলেন, ‘২৩৭ নম্বর পিলারের কাছে শহীদুলের লাশ পাওয়ার পর আমরা দুপুরে সাপাহারের কলমুডাঙ্গা সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছি। বৈঠকে বিএসএফ এ ঘটনা অস্বীকার করেছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশি গরু ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।