সীমান্তে চার গরু ব্যবসায়ী আটক, পরে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি চার গরু ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সীমান্তের শূন্যরেখা থেকে তাঁদের আটক করা হয়। তবে বিজিবির তৎপরতায় আটকের সাড়ে তিন ঘণ্টা পর রাত ১১টায় বিএসএফ তাঁদের ছেড়ে দেয়।
চার গরু ব্যবসায়ী হলেন দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মিলন হোসেন (২০), ইয়াসিন আলী (২২), সুবলপুর গ্রামের বাবুল মিয়া (২০) ও আবদুর রহিম (২৩)। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে ওই চারজনকে শুক্রবার সকালে মামলাসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়।
বিজিবি-৬ চুয়াডাঙ্গার পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, ওই চার গরু ব্যবসায়ী বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় সীমান্তের ৮৮ নম্বর প্রধান খুঁটির পাশ থেকে ভারতীয় নাগরিকেরা তাঁদের ধরে বিএসএফকে খবর দেয়। ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে আটক করেন। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবির অনুরোধে রাত ১১টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই চারজনকে ছেড়ে দেয় বিএসএফ।