সীমান্তে ঢুকে বিএসএফের গুলি বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের সীমান্তবর্তী একটি গ্রামে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে সায়েম উদ্দিন (৩৫) নামের এক গ্রামবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে বিএসএফ গুলি চালিয়ে এই হতাহতের ঘটনা ঘটায়।
গুলিতে আহত ব্যক্তিরা হলেন পরিমল মার্ডি (৩০), তাঁর ভাই নির্মল মার্ডি (৩৫), ফারুক হোসেন (২৮) ও আবুজার হোসেন (২০)। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার ভুটিয়াপাড়া বিজিবি ক্যাম্পের অধীন মেইন পিলার ২৭৫/৯-এর সাবপিলার এলাকায় ওই গ্রামের কয়েক যুবক পুকুরে মাছ ধরতে যান। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য মাছ ধরতে তাঁদের বাধা দেন ও গালাগালি করেন। এতে খেপে গিয়ে যুবকেরা বিএসএফকে ধাওয়া করেন। পুকুরটি দুই দেশের যৌথ সীমান্ত এলাকায় অবস্থিত।
ধাওয়া খেয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েন বিএসএফের সদস্যরা। পরে সংগঠিত হয়ে বিএসএফের ২৫-৩০ জন সদস্য সীমান্তের পাঁচ-ছয় শ গজ ভেতরে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ঢুকে সাত-আটটি গুলি করেন ও তিনটি ককটেল ফাটান। এ সময় পাঁচ গ্রামবাসী গুলিবিদ্ধ হন। অন্যরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিদের মধ্যে পেট ও বাঁ পায়ে গুলিবিদ্ধ সায়েমকে পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি মারা যান। বগুড়া থেকে আল-আমীন নামে তাঁর এক আত্মীয় মুঠোফোনে সায়েমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে এটি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপারও।
বিএসএফের গুলির পর বেলা দুইটার দিকে জেলা প্রশাসক আবদুর রহিম ও পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান। তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
ধলাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোজাম্মেল হোসেন বলেন, সীমান্তবর্তী এক পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফ বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছে।
জয়পুরহাট আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইদুর রহমান জানান, বেলা দেড়টার দিকে আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে সায়েম নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়ায় পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। আহত অন্য চারজনের চিকিৎসা চলছে। তাঁরা অনেকটা আশঙ্কামুক্ত।
হাসপাতালে চিকিৎসাধীন নির্মল অভিযোগ করেন, বাড়িতে তিনি বাঁশের ডালা বানাচ্ছিলেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে তা তাঁর পিঠে বিদ্ধ হয়। চিকিৎসাধীন আবুজার অভিযোগ করেন, পুকুরে গোসল করতে বাড়ি থেকে বের হচ্ছিলেন তিনি। এ সময় বিএসএফের সদস্যরা বাড়িতে ঢুকে ফুফু তাহেরাকে মারধর শুরু করেন। তা ঠেকাতে গেলে বিএসএফ তাঁর বাঁ পায়ের হাঁটুর ওপর গুলি করে।
বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাসির ইমাম রুমি জানান, সীমান্ত অতিক্রম করে গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের ঘটনায় বিএসএফের সঙ্গে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করেছেন তাঁরা। বৈঠকে এ ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি জানায়, ঘটনা নিয়ে সন্ধ্যা ছয়টায় ঘটনাস্থলের কাছে দুই পক্ষের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক শুরু হয়। বৈঠকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ।