সীমান্তে দুই কেজি সোনাসহ এক ব্যক্তি আটক
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তবর্তী এলাকা থেকে আজ মঙ্গলবার দুই কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সামছুল আলম (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করেন।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের বাসিন্দা সামছুল আলমকে আটক করেছেন দিনাজপুর ২০ ব্যাটালিয়নের হিলি বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা। তাঁর দাবি, চাচাতো ভাই হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মমতাজ উদ্দিনের জন্য মাসিক ১০ হাজার টাকায় সোনা পাচার করেন তিনি। আজকেও হিলি থেকে মমতাজের দেওয়া সোনা নিয়ে পাঁচবিবি সীমান্তে যাচ্ছিলেন তিনি। সাখাওয়াত নামের একজনের কাছে এই সোনা পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে বেলা ১১টার দিকে তিনি পাঁচবিবির আটাপাড়া রেলগেট এলাকায় বিজিবি সদস্যদের হাতে আটক হন।
বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বাজারের ব্যাগে এক কেজি ওজনের দুটি সোনার বার নিয়ে সামছুল হিলি থেকে মোটরসাইকেলে করে পাঁচবিবি সীমান্তের দিকে যাচ্ছিলেন। তখন তাঁকে আটক করা হয়।