সীমান্তে দুই বাংলাদেশির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে সীমান্তের বিপরীতে ভারতের কুলুপাড়া সীমান্ত থেকে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় গ্রামবাসী ও স্বজনেরা লাশ দুটি উদ্ধার করেন। 
নিহত ব্যক্তিরা হলেন আনন্দ মিয়া (২৮) ও সুজা উদ্দিন (৩০)। দুজনেরই বাড়ি উপজেলার গয়েশপুর উত্তরপাড়ায়। আনন্দের বাবার নাম মান্নান মিয়া। সুজার বাবা মোহাম্মদ আলী।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান দাবি করেন, আজ ভোররাত তিনটার দিকে ওই দুই বাংলাদেশি সীমান্তের ৬৭/২ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। প্রবেশের পর শস্যখেতের মধ্যে বৈদ্যুতিক পাম্পের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁরা মারা যান। গ্রামবাসী ও স্বজনেরা নিহত দুজনের লাশ সকালে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, নিহত ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।