সীমান্তে নদ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে মানিক পাল (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি। হরিপুর উপজেলার মলানী সীমান্তের নাগর নদ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তিনি রানীশংকৈল উপজেলার চেংমারি গ্রামের বিষ্ণু পালের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মলানী ক্যাম্পে খবর দেন। পরে বিজিবির সদস্যরা বেলা দুইটার দিকে লাশটি উদ্ধার করেন।
বিজিবির ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস বলেন, ধারণা করা হচ্ছে, নদে গোসল করতে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নওগাঁয় বাংলাদেশিকে ফেরত: আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাট সীমান্তে আটক এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, বুধবার রাতে মো. আবুজা নামে ওই ব্যক্তি ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফের কেদারপাড়া ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। খবর পেয়ে তৎক্ষণাৎ বিএসএফের ওই ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে আবুজাকে ফিরিয়ে আনে বিজিবি।