সীমান্তে ৮.৩ কিলোমিটার 'অপরাধমুক্ত অঞ্চল' ঘোষণা
যশোরের শার্শা উপজেলার পুটখালী থেকে দৌলতপুর সীমান্তের ৮.৩ কিলোমিটার এলাকাকে ‘অপরাধমুক্ত অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। যৌথভাবে এ ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে তা কার্যকর হয়েছে।
যশোরের বেনাপোল সীমান্তচৌকির বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সীমান্তে ৬৪ ব্যাটালিয়নের কালিয়ানি বিওপির এলাকায় ‘ক্রাইম ফ্রি জোন’ বা ‘অপরাধমুক্ত অঞ্চল’ নামে এ পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। ঘোষিত অঞ্চলে সীমান্ত অপরাধ, যেমন চোরাচালান, নারী ও শিশু পাচার, মানব পাচার, মাদক দ্রব্য, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ও বিএসএফ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সর্বক্ষণিক নজরদারি রাখবে। এ ছাড়া নিজ নিজ দেশের স্থানীয় প্রশাসন এবং সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণের সহযোগিতায় সীমান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থানের যথাসাধ্য ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে যশোর-১ (শার্শা) আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক ও ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম। ভারতের পক্ষে ছিলেন ভারতের বনগাঁ থেকে নির্বাচিত লোকসভা সদস্য (এমপি) মমতা ঠাকুর, পশ্চিমবঙ্গের বিধায়ক (বনগাঁ উত্তর) বিশ্বজিৎ দাস, বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা প্রমুখ।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক বলেন, বিজিবি ও বিএসএফের যৌথসভা শেষে আজ দুপুর সাড়ে ১২টায় যশোরের শার্শা উপজেলার পুটখালী থেকে দৌলতপুর পর্যন্ত আট দশমিক তিন (৮.৩) কিলোমিটার সীমান্ত এলাকা ‘অপরাধমুক্ত অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। এ এলাকা দিয়ে কোনো ধরনের চোরাচালান আর হবে না। দুই দেশের বাহিনীর সমন্বয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাইলট প্রকল্প হিসেবে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সফল হলে এ প্রকল্প সারা দেশে বাস্তবায়ন করা হবে।
বিজিবি সূত্রে জানা যায়, ২০১৭ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত অপরাধ প্রতিরোধের কৌশল হিসেবে সীমান্তের অপরাধপ্রবণ এলাকাকে ‘অপরাধমুক্ত অঞ্চল’ ঘোষণার প্রস্তাব করা হয়। এরই ধারাবাহিকতায় বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর বিওপি সীমান্ত এবং বিপরীত দিকে ভারতের কালিয়ানি ও ঘোনারমাঠ বিওপির সীমান্ত এলাকার (বর্ডার পিলার নম্বর ১৭/১৪৩-আর থেকে ১৭/১৮১-আর পর্যন্ত) মোট ৮.৩ কিলোমিটার সীমান্ত পরীক্ষামূলকভাবে ‘অপরাধমুক্ত অঞ্চল’ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত এলাকার বাংলাদেশ অংশে অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিজিবি ইতিমধ্যে ক্লোজড সার্কিট ক্যামেরা, সার্চলাইট, থার্মাল ইমেজার ইত্যাদি স্থাপন করেছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।