সীমান্তে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ি ও ভারতের লালগোলা থানা সীমান্তে আবুল কালাম নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চর কানাপাড়া গ্রামে।
পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের পরিবার আবুল কালামকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ার কথা বললেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে আবুল কালামের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ প্রথম আলোকে বলেন, নিহত আবুল কালামের ছোট ভাই তরিকুল ইসলামের তথ্যমতে, আবুল কালাম গরু ব্যবসায়ী ছিলেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তিনি ভারতের লালগোলা সীমান্ত দিয়ে বাছুর আনতে যান। ওই সময় বিএসএফের গুলি তাঁর মাথায় লাগে। দুগর্ম অঞ্চল থেকে হাসপাতালে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার ভোর পৌনে ছয়টার দিকে আবুল কালামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।
হাসপাতালের পাশে রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খবিরউদ্দিন নিহত আবুল কালামের ময়নাতদন্তের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। প্রথম আলোকে তিনি বলেছেন, আবুল কালামের মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলিবিদ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
বিজিবি ১ নং ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাজাহান সিরাজ প্রথম আলোকে বলেন, আবুল কালাম মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। মৃত্যুর কারণ যাচাই করছে বিজিবি।