সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি নিখোঁজ
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত দিয়ে গত সোমবার দিবাগত রাতে ভারতে গরু আনতে গিয়েছিলেন সাত বাংলাদেশি। এ সময় গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর ছয়জন ফিরে এলেও একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ব্যক্তি হলেন উপজেলার ধর্মপুর ইউনিয়নের আইয়ুব আলী। তিনি স্থানীয় গরু ব্যবসায়ী বলে জানা গেছে। ফিরে আসার পর থেকে তাঁর সঙ্গীরা পলাতক রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একলিম আবদীন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সোমবার রাত দুইটার দিকে ভারতের বুড়িডাঙ্গি বিএসএফ ক্যাম্পের কাছাকাছি গোলাগুলি হয়েছে। কিন্তু ওই
ঘটনায় বাংলাদেশের কোনো ব্যক্তি হতাহত হয়েছে কি না নিশ্চিত করে কেউ বলতে পারছে না। তিনি বলেন, বিষয়টি জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তারা এখনো কোনো উত্তর দেয়নি।
নিখোঁজ আইয়ুব আলীর স্ত্রী আফরুজা বেগম বলেন, তাঁর স্বামী গত রোববার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে আর বাড়ি ফেরেননি। গরু নিয়ে ভারত থেকে ফেরার পথে বিএসএফের গুলিতে তিনি নিহত হয়েছেন—এমন খবর লোকমুখে শুনেছেন পরিবারের সদস্যরা। কিন্তু কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না।
স্থানীয় লোকজন বলেন, বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নে ডুংডুংগি বিজিবির ক্যাম্প অবস্থিত। অপরদিকে ভারতীয় সীমানায় বিএসএফের বুড়িডাঙ্গি ক্যাম্প। আইয়ুবসহ সাতজন গরু ব্যবসায়ী সোমবার রাতে ওই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। রাত দুইটার দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাঁদের ওপর গুলি চালায়। ছয়জন গরু নিয়ে ফিরে আসেন। তবে গুলিবর্ষণের পর থেকে আইয়ুবের কোনো হদিস পাওয়া যায়নি।
এদিকে গতকাল আইয়ুব আলীর সঙ্গীদের বাড়িতে গিয়ে তাঁদেরও কাউকে পাওয়া যায়নি। গরু আনার ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকে সবাই গা ঢাকা দিয়েছেন বলে জানান প্রতিবেশীরা।