সীমান্তে বিএসএফের গুলিতে আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত পাঁচ গ্রামবাসীর মধ্যে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩০)। গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজিবির কর্মকর্তা ও গ্রামের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএসএফ ২১ ব্যাটালিয়নের কয়েকজন সদস্য বাংলাদেশের ভেতরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে ঢোকেন। এরপর তাঁরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে চারটি গরু লুট করে নিয়ে যান। গুলিতে গ্রামের বাসিন্দা আবদুর রহিম (৩০), সুলতান মিয়া (৪৫), সাজু মিয়া (৩৫), মো. সুমন (২০) ও মোসাম্মৎ রাবেয়া (৩৫) আহত হন। গুরুতর আহত অবস্থায় আবদুর রহিম ও সুলতান মিয়াকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত সুলতান বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। তবে বাকি তিনজন কোথায় চিকিৎসাধীন, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল দুপুরে ওই তিনজনের বাড়িতে গেলে পরিবারের কাউকে পাওয়া যায়নি।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ঘটনার পরপরই মৌখিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়। গতকাল বিকেল চারটার দিকে দুর্গাপুর ইউনিয়নের বিপরীতে সীমানা পিলার ৯২৪ এলাকায় বিএসএফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঘটনার ব্যাপারে তদন্ত করে বিএসএফ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
এদিকে গতকাল সকালে আবদুর রহিমের লাশ চওরাটারী গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। একমাত্র ছেলেকে হারিয়ে অঝোরে কাঁদছিলেন আবদুর রহিমের মা রহিমা বেগম। আর আবদুর রহিমের দুই বছরের একমাত্র কন্যাসন্তানকে জড়িয়ে আহাজারি করছিলেন স্ত্রী লিপি বেগম। কাঁদতে কাঁদতে লিপি বলেন, ‘আমরা কি এ হত্যার বিচার পাব না?।’