সীমান্তে বিজিবির গুলি, চোরাকারবারিদের অস্ত্র-গুলি উদ্ধার

রাজশাহী সীমান্তে গতকাল রোববার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অস্ত্র চোরাকারবারিদের লক্ষ্য করে ২৭টি গুলি করে। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিজিবি-১ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল রাজশাহীর সাহাপুর এলাকার খয়ের বাগানে অবস্থান নেন। এ সময় চোরাকারবারিরা বাংলাদেশের সীমানার ভেতরে প্রবেশ করলে বিজিবি তাদের থামতে বলে। কিন্তু তারা নির্দেশ অমান্য করে বিজিবি সদস্যদের ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে। এ সময় বিজিবির পক্ষ থেকে ২৭টি গুলি ছোড়া হয়। কিছুক্ষণ পরে তাঁরা অস্ত্র ফেলে পালিয়ে যান। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়।