সীমান্তের ওপারে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তের ওপারে ভারতের চিতিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দারা চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য জানিয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রামের ঝালঙ্গী সীমান্তের ৮৪৯ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের প্রায় তিন কিলোমিটার অভ্যন্তরে কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার চিতিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর লাশ গ্রামেই ফেলে রাখা হয়। লোক মারফত ঘটনাটি জানতে পেরে বিএসএফের কাছে এ বিষয়ে তথ্য চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে তিন দফা বৈঠক হয়।
ওই বৈঠকে ফালাকাটা ৩৫-বিএসএফের ডোরাডাবরি কোম্পানি কমান্ডার গৌরাঙ্গ শংকর জানান, গ্রামবাসীর তথ্যমতে, ওই ব্যক্তি ভারতীয় নন। তবে তাঁর লাশ মেখলিগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি কমান্ডার শামসুল হক বলেন, মুখে দাড়িওয়ালা ওই ব্যক্তি বাংলাদেশি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁর সম্পর্কে খোঁজ নিতে বিজিবি ক্যাম্পগুলোকে বলা হয়েছে। এ ছাড়া তাঁর ছবি চাওয়া হয়েছে বিএসএফের কাছে।