সীমান্তের ওপারে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাল্লা সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডের মধ্যে লতাবাড়ি নামক স্থানে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সুজন (২৩), আকল মিয়া (২৪) ও করম আলী (৪০)। তাঁরা সবাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিপি) শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক কর্নেল তারিকুল ইসলাম খান মঙ্গলবার রাত নয়টার দিকে প্রথম আলোকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ বিষয়ে তাঁদের কিছু জানায়নি। তবে স্থানীয়ভাবে তাঁরা খবরটি পেয়েছেন। এ বিষয়ে বিএসএফকে একটি বার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসী জানান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের পাঁচ-ছয়জন লোক মঙ্গলবার বিকেলে বাংলাদেশের বাল্লা সীমান্ত দিয়ে ভারতের সিংহাই ছড়ার লতাবাড়ি এলাকায় যান। স্থানটি বাংলাদেশের বাল্লা সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থিত। এ সময় সেখানকার ভারতীয় লোকজন তাঁদের গরুচোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে সুজন ও করম ঘটনাস্থলেই নিহত হন। আকল মিয়াকে সেখানকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের অপর দুই-তিনজন সঙ্গী পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাঁরাই নিহতদের পরিবারকে বিষয়টি অবহিত করেন।
চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিহত ব্যক্তিদের পরিচয় ও সত্যতা নিশ্চিত
করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকার লোকজন ব্যবসায়িক কাজসহ বিভিন্ন কাজে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে যায়। তবে
এমন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেন।
গত এপ্রিলে একই সীমান্তে আরও তিন বাংলাদেশি নাগরিককে ভারতীয়রা পিটিয়ে হত্যা করে। এ নিয়ে চলতি বছরে ছয়জনকে হত্যা করা হয়।