সীমান্তের ওপারে পুঁতে রাখা বোমায় ৩ রোহিঙ্গার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও রেজু আমতলী সীমান্তের ওপারে মিয়ানমার অংশে মাটিতে পুঁতে রাখা বোমার (ইমপ্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি) বিস্ফোরণে তিন রোহিঙ্গা নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে বান্দরবান জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান। গত শনিবার রাতে এবং 

গতকাল সকালে ওই বিস্ফোরণ ঘটে বলে সভায় উল্লেখ করেন তিনি।

বিষয়টি নিয়ে পরে ঘুনধুম সীমান্ত এলাকার কয়েকজন বাসিন্দাসহ স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে প্রথম আলো। তাঁরা বলেন, বিস্ফোরণে আহত ব্যক্তিরা মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে চিকিৎসা নিচ্ছেন। বিস্ফোরণে তিনজন নিহত হওয়ার কথা তাঁরা ঘুনধুম ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের বলেছেন। ঘুনধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বাংলাদেশ সীমান্তে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে, ওই হামলায় এ পর্যন্ত (শনিবারের আগে) একজন নিহত এবং দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।

এদিকে বান্দরবানে আইনশৃঙ্খলা কমিটির সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সারোয়ার কামাল বলেন, শনিবার রাতে ঘুনধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তের ওপারে আইইডি বিস্ফোরণে ইউছুপ নবী (৪৫) নামের এক ব্যক্তির পা উড়ে গেছে। এ ছাড়া গতকাল সকালে তুমব্রু ও বাইশফাঁড়ির মাঝামাঝি স্থানে আরেকটি বিস্ফোরণে মোহাম্মদ হাসান (৩২) নামের আরেকজন আহত হন।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, রেজু আমতলী সীমান্তের ওপারে শনিবার রাতে আইইডি বিস্ফোরণে একজন আহত হওয়া ছাড়াও তিনজনের মৃত্যু হয়েছে বলে তাঁরা শুনেছেন।

ঘুনধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম বলেন, মিয়ানমারের বদলাপাড়া থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মো. সলিম উল্লাহ তাঁকে বলেছেন, সীমান্ত পিলারের কাছাকাছি গতকাল দুপুরে বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন কয়েকজন রোহিঙ্গা সীমান্ত পার হচ্ছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরেকজন। সলিম উল্লাহ তাঁদের কাছ থেকে কিছু দূরে থাকায় রক্ষা পান বলে জানান ইউপি সদস্য ফরিদুল।

সীমান্তের ওপারে শূন্যরেখার কাছে বিস্ফোরণের বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মঞ্জুরুল হাসান খান বলেন, সীমান্তের ওপারে কী ঘটছে, তা বলা কঠিন। তবে বিস্ফোরণে কয়েকজন হতাহত হওয়ার খবর তাঁরা শুনেছেন।