সীমান্তের ওপারে বাংলাদেশি তরুণের ক্ষতবিক্ষত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুই দিন পর ভারত-বাংলাদেশ সীমান্তের ওপারে গাবতলী এলাকা থেকে কাজী খোরশেদ আলম নামের এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

 গত রোববার বেলা একটার দিকে সীমান্তের পিলার থেকে ভারতের প্রায় ১০০ গজ ভেতরে তাঁর লাশ পাওয়া যায়। গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশটি হস্তান্তর করে।

খোরশেদের (২০) বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন খোরশেদকে হত্যা করে সীমান্তের ওপারে ফেলে আসে। এ ঘটনায় খোরশেদের বড় ভাই কাজী নসু মিয়া বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ছয়টার পর নিজ গ্রাম থেকে খোরশেদ আলম নিখোঁজ হন। রোববার বেলা একটার দিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার পশ্চিমে নো ম্যানস ল্যান্ডে ভারতের অংশে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বুড়িচং থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে বিএসএফ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। বিএসএফ গতকাল বেলা দুইটার দিকে বিজিবির কাছে লাশটি হস্তান্তর করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।

১০ বিজিবির উপ-অধিনায়ক মো. শহীদুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লাশটি ভারতীয় অংশে পড়েছিল। পরে বিজিবির সহায়তায় লাশ দেশে ফেরত আনা হয়।

 কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, এটি একটি হত্যাকাণ্ড। খোরশেদের বিরুদ্ধে বুড়িচং থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে।