বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় অংশে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোররাতের দিকে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চাড়ালডাঙ্গা গ্রামের জবদুল হক (৩০) ও বেগপুর গ্রামের শাহজাহান ভুট্টু (৩৪)।

৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, আজ বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে, ওই দুই ব্যক্তিসহ আরও কয়েকজন চোরাকারবারি গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর পিলারের ওপারে কাঁটাতারের বেড়া কেটে ভারতের অনুরাধাপুর সীমান্তের ২৫০ গজ ভেতরে ঢোকেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের প্রতিরোধ করতে এগিয়ে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা বিএসএফের ওপর হামলা চালান। বিএসএফ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। বাকিরা পালিয়ে যান।

এই কর্মকর্তা আরও জানান, পতাকা বৈঠকের পর যৌথ তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে। চোরাকারবারিদের হামলায় বিএসএফের একজন সিপাহি আহত হয়েছেন। দুই বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য মালদা জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মরদেহ হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে।

বিজিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।