ভোট জালিয়াতি, প্রকাশ্যে সিল মারা, মারধরসহ নানা অনিয়মের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীরা বিএনপির পোলিং এজেন্ট, কর্মী-সমর্থক ও ভোটারদের কেন্দ্রে না আসার জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি কেন্দ্রে বিএনপির সমর্থকদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম দাবি করেন, ‘১১টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’ কিন্তু গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১১টি ইউপির বিভিন্ন কেন্দ্র ঘুরে তাঁর এই দাবির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে মহিনন্দ ইউনিয়নের শুক্কুর মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ইদ্রিস মিয়া নামে এক ভোটারকে ছাত্রলীগের কর্মীরা মারধরের পর বের করে দেন।
সকাল সাড়ে ১০টার দিকে বৌলাই ইউনিয়নের হাজি ফুলের রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৌলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বৌলাই হাবিবুল হক উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির সমর্থকদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং তাঁদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন বৌলাই ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী নূরুল হক বাচ্চু। তিনি আরও অভিযোগ করেন, তাঁর সমর্থক তেরহাশিয়া গ্রামের হাসেন মিয়া ও হোসেন মিয়ার বাড়িঘরে হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা।
বেলা ১১টার দিকে কর্শাকড়িয়াল ইউনিয়নের আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মোসলেহ উদ্দিনের সমর্থকেরা ভোটকেন্দ্রে এলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেন আওয়ামী লীগের কর্মীরা। এ জন্য ভয়ে তাঁর সমর্থকেরা ভোটকেন্দ্রে আসেননি বলে জানান মোসলেহ উদ্দিন। দুপুর ১২টার দিকে কর্শাকড়িয়াল ইউনিয়নের আলহাজ ওয়াজেদুল ইসলাম উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থীর সমর্থক ইসমাইলকে ধানের শীষের ব্যাজ ধারণ করায় বেদম মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক হাসেম মিয়া।
বেলা দুইটার দিকে কর্শাকড়িয়াল ইউনিয়নের বাদে কড়িয়াল ভোটকেন্দ্র থেকে ভোট না দিয়ে ফেরত যেতে হয়েছে রাবেয়া খাতুন নামে এক ভোটারকে। রাবেয়া বলেন, ‘আমি তিনবার ভোট দিতে এসেও ভোট দিতে পারিনি। পোলিং কর্মকর্তা আমাকে বলেছেন, আপনার ভোট দেওয়া হয়ে গেছে।’ এ ব্যাপারে পোলিং কর্মকর্তা রনি রানী বসাক বলেন, ছবি মিলে যাওয়ায় রাবেয়ার ভোটটা আরেকজন দিয়ে চলে গেছেন। এ কেন্দ্রে খোকন মিয়া নামে এক ভোটারের গায়ে ধানের শীষের ব্যাজ দেখেই ভোটের লাইন থেকে টেনেহিঁচড়ে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির প্রার্থী জালাল উদ্দিন।
বেলা আড়াইটার দিকে যশোদল ইউনিয়নের সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের মহিলা ভোটকেন্দ্রে প্রথমে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়। প্রিসাইডিং কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের কাছ থেকে অনুমতি নিয়ে ভেতরে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ভোটার হট্টগোল করছেন। লাইনের সঙ্গেই ব্যালট বাক্স। কাপড় না থাকায় কোন ভোটার কার প্রতীকে সিল মারছেন, তা দেখা যাচ্ছে। এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, ‘আমি মহিলাদের কন্ট্রোল করতে পারছি না। তারা জোর কেরে ভেতরে ঢুকে যাচ্ছে।’
বেলা তিনটার দিকে যশোদল ইউনিয়নের কাটাখালী হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। ভেতরে প্রিসাইডিং কর্মকর্তা মো. জহুরুল হক নৌকার একজন এজেন্টসহ ভোটারদের কাছ থেকে কাগজ নিয়ে নিজেই সিল মারছেন। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার এখানে ভোট বেশি এবং সময় কম। এ জন্য নিজেই ভোটারদের সহায়তা করছি।’
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদরের ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্যপদে ৪৩৯ ও সংরক্ষিত সদস্যপদে ১৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।