সুগন্ধির কৌটায় বোমা-আতঙ্ক !

মামার বাসার সামনে ছোট তিনটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো কৌটা দেখে ভয় পেয়ে যান টিটু বসাক। কৌটার মাথায় ছিল বৈদ্যুতিক তার। বিপদের আশঙ্কায় দ্রুত তিনি পুলিশের কাছে যান। পরে দেখা যায় সেগুলো সুগন্ধির কৌটা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে শেরপুর শহরের কালিরবাজার এলাকার ওষুধ ব্যবসায়ী গৌতম বসাকের বাসার ফটকের সামনে লাল স্কচটেপ ও বিদ্যুতের তার দিয়ে মোড়ানো অবস্থায় তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন তাঁর (গৌতম) ভাগনে টিটু বসাক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা সেসব কৌটার লাল স্কচটেপ ও বিদ্যুতের তার খুলে দেখেন কৌটাগুলো এর আগে সুগন্ধি রাখার জন্য ব্যবহৃত হয়েছিল। এছাড়া কৌটার ভেতরে রয়েছে ইট ও পাথরের কিছু গুঁড়া। এগুলোর ভেতরে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য নেই।
এ ব্যাপারে গৌতম বসাক বলেন, এসব কৌটা কে কখন তাঁর বাসার সামনে ফেলে রেখে গেছে, তা তিনি জানেন না।
শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া প্রথম আলোকে বলেন, কোনো দুষ্টু লোক জনমনে আতঙ্ক ছড়ানোর জন্য এমন কাজ করেছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।