সুজনের মতবিনিময়কালে হামলায় আহত ২
রাজধানীর লালবাগের নবাবগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে সুজন (সুশাসনের জন্য নাগরিক) আয়োজিত মতবিনিময় চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগ-সমর্থিত এক প্রার্থীর লোকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজি মো. আলমগীর হোসেন ও মতবিনিময় সভায় অংশ নেওয়া জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কাউন্সিলর প্রার্থীদের নিয়ে গতকাল বিকেলে নবাবগঞ্জ বেড়িবাঁধ-সংলগ্ন পার্কে ‘জনগণের মুখোমুখি’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে সুজন। অনুষ্ঠানের শেষ দিকে স্থানীয় বাসিন্দা মো. জুয়েল আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবিরকে প্রশ্ন করেন, আপনি কাউন্সিলর থাকার সময় কোনো কাজ করতে গেলে টাকা নিতেন। এবারও নির্বাচিত হলে আপনি টাকা নেবেন? এ প্রশ্নের জের ধরে ওই কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা জুয়েলকে ধরে টানাহেঁচড়া ও মারধর করে। তখন অন্য কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা জুয়েলকে ছাড়িয়ে নিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় কাউন্সিলর প্রার্থী হাজি মোহাম্মদ আলমগীর আহত হন। তাঁর ঠোঁট ফেটে যায়।
পরে আয়োজকসহ অন্যরা কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।