সুজাউল হত্যার সন্দেহভাজন আসামি 'বন্দুকযুদ্ধে' আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহভাজন আসামি কোয়েল হোসেন (৩০) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন এক পুলিশ সদস্যও। আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মকর্তা। গতকাল বুধবার দিবাগত রাতে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ রক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কোয়েলকে আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশি পাহারায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। ঈশ্বরদী থানার গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম (৩৭) পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা ইসলাম হোসেন এবং একই থানার এসআই দেওয়ান এনামুল হককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
ঈশ্বরদী থানার পুলিশের ভাষ্য, সুজাউল হত্যা মামালার প্রধান আসামি কোয়েল সহযোগীদের নিয়ে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ রক্ষাবাঁধসংলগ্ন এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দুইটার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কোয়েল ও তাঁর সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। একপর্যায়ে আসামি কোয়েলের ডান পায়ের হাঁটুতে ও পুলিশ সদস্য সাইদুলের বাম পায়ে গুলি লাগে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সুজাউল হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যায় সরাসরি অংশগ্রহণকারী কোয়েল। সুস্থ হলে ঘটনার ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ৫ অক্টোবর সোমবার পাকশী রেলস্টেশন-সংলগ্ন একটি হলুদের খেত থেকে হাত-পা মুখ ও চোখ বাঁধা অবস্থায় এএসআই সুজাউলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। কোয়েলসহ এ পর্যন্ত এ মামলায় ছয়জন গ্রেপ্তার আছেন।