সুজানগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের তাঁতিবন্ধ গ্রামে গত শনিবার রাতে হাফিজুর রহমান (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই গ্রামের কবরস্থানের পাশ থেকে গতকাল রোববার তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

হাফিজুর রহমানের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে হাফিজুর মুঠোফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। এরপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে গ্রামের লোকজন মাঠে কাজ করতে এলে একটি কবরস্থানের পাশে তাঁর লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

হাফিজুরের বাবা মাজেদ খন্দকার বলেন, তাঁর ছেলে পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন খামার থেকে পাইকারি দরে মাছ কিনে বিক্রি করতেন। ছেলের সঙ্গে কারও শত্রুতা আছে বলে তিনি কখনো শোনেননি। তিনি হত্যাকারীদের শাস্তির দাবি জানান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, হাফিজুরের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত এবং গলা কাটা ছিল। ধরণা করা হচ্ছে, হত্যাকারীরা আক্রোশের সঙ্গে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা তাঁর ব্যবহৃত মুঠোফোন ও পরিবারের দেওয়া কিছু সূত্র ধরে হত্যার তদন্ত শুরু করেছি। আশা করছি খুব শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করা যাবে।